ইসতিয়াক আহমেদ তাহের
[আমাদের কর্মজীবনে কিছু ধারণা আছে, যা প্রথমে খুব সুন্দর শোনালেও বাস্তবে ততটা সহজ নয়। অনেক সময় আমরা অনিচ্ছাকৃতভাবেই এমন কিছু মানসিক ফাঁদে পড়ি, যা আমাদের পেশাগত অগ্রগতি ও মানসিক ভারসাম্য দুটোকেই প্রভাবিত করে। ]
আপনি আপনার কর্মস্থলে কিংবা ব্যক্তিগত জীবনের অধিকাংশ বিষয়ের সমাধানই “মধ্যপন্থার” মাঝে খুঁজে পাবেন । Life is all about balance and moderation.
যেমন ধরুন, আমাদের কর্পোরেট কর্মজীবন নিয়ে দুটি সম্পুর্ণ বিপরীতমুখী ধ্যান-ধারনা বিদ্যমান ।
প্রথমটি খুবই পজিটিভ ধারনা । অনেক প্রতিষ্ঠান এবং তার কর্মীগন তাদের প্রতিষ্ঠানকে অনেকটা পরিবার হিসেবে দেখতে ভালবাসেন। তারা বলতে চায় যে, সেখানকার কাজের পরিবেশ এতই সৌহার্দ্যপুর্ণ, যে তা একটা পরিবারের মত । তারা বলে যে, কর্মক্ষেত্রে তাদের কাজের পরিবেশ বা কালচার অত্যন্ত ভাল এবং প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট তার কর্মীদের প্রতি খুবই caring এবং loyal । এবং কর্মীদের নিজেদের মধ্যেও খুবই সুসম্পর্ক বিদ্যমান এবং তারা সবাই সবাইকে কাজের ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী সাহায্য সহযোগিতা করে । এদেশে এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা কম হলেও বেশ কিছু প্রতিষ্ঠানকে এই ক্যাটাগরিতে ফেলা যায় ।
কিন্ত ঐ “পরিবার” বা family শব্দটি নিয়ে আমার একটু বড় রকমের এলার্জি আছে। কারন, বাস্তবে এই “ভালবাসার” একটা শেষ বা সীমারেখা আছে । কোন কর্মী যদি তার কর্মদক্ষতা বজায় রাখতে না পারে কিংবা প্রতিষ্ঠানটি যদি হঠাৎ ব্যাবসায় মন্দার মধ্যে পড়ে যায়, তখন তার কর্মীদের প্রতি এত ভালোবাসা না থাকাটাই স্বাভাবিক । বর্তমান বিশ্বে অনেক স্বনামধন্য, অত্যন্ত লাভজনক এবং কর্ম পরিবেশের জন্য সুপরিচিত কোম্পানিও একটি quarterly earning প্রত্যাশা মত না হলেই হাজার হাজার কর্মী ছাঁটাই করতে বিন্দুমাত্র দ্বিধা করে না । তখন সেই ভালবাসা বা “পরিবার” নিমিষেই উধাও হয়ে যায় । আর সহকর্মীদের মধ্যে সুসম্পর্কের সাথে সাথে প্রতিযোগিতা থাকাটাও খুবই স্বাভাবিক । একটি কোম্পানিতে সবাই তো আর ম্যানেজার, জিএম, ডাইরেক্টর বা সিইও হবেন না । প্রায় সব ক্ষেত্রেই বিষয়টা “বাইনারি” ধরনের – হয় “আমি” নয় “তুমি” । এই ধরনের পরিস্থিতিতে আপনার প্রতিযোগি ঐ সহকর্মীর প্রতি আপনার ভালবাসা ধরে রাখা কঠিন ।
কিন্ত আমাদের পরিবারের ক্ষেত্রে কিন্ত বিষয়টি ভিন্ন । যদিও আজকাল এদেশেও dysfunctional পরিবারের সংখ্যা হয়তোবা খুব কম না, কিন্ত একটি পরিবারের পরিবেশটি সম্পুর্ণ ভিন্ন । সন্তান বা ভাই বোন যত খারাপ হয়ে যাক না কেন কিংবা পরিবারটি যত অর্থ কষ্টেই থাকুক না কেন, বাবা মা তার সন্তানকে কখনোই ত্যাগ করে না বা ভাই বোন ঠিকই তার বিপদগ্রস্ত ভাই বা বোনের জন্য এগিয়ে আসে । তাই কর্মক্ষেত্রকে “পরিবার” বলতে বা পরিবারের মত দেখার ক্ষেত্রে আমি দ্বিমত পোষণ করি।
এখন আসুন দেখা যাক এ বিপরীতের চিন্তা-ভাবনাটি কি রকম ।
এই ভাবধারার ব্যক্তিগন বলতে চান যে, আপনার অফিস হল “কাজের জায়গা” । এখানে আপনি প্রতিদিন কাজ করতে যাবেন । যার বিনিময়ে মাসের শেষে আপনি বেতন পাবেন । এখানে একটা মার মার কাট কাট অবস্থা । সবাই আপনার প্রতিদ্বন্দ্বী । এখানে এত বন্ধুত্ব বা ভালোবাসার কোন কারন নাই । অফিসের কলিগ কখনও আপনার বন্ধু হতে পারে না । কাজের প্রয়োজনে তার সাথে আপনার যতটুকু সম্পর্ক রাখা দরকার, তা রাখলেই চলবে । সুযোগ পেলে এই কলিগ আপনাকে বাঁশ দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না । তাই আপনার কাজ হল অফিসে যেয়ে কাজ করা এবং কাজ শেষে বাসায় ফিরে আসা ।
কিন্ত আমার প্রশ্ন হল, আমাদের কর্মক্ষেত্রগুলো কি আসলেই এতটা কাঠখোট্টা বা যান্ত্রিক ?

যদিও আমি মনে করি যে অফিসে কে কি বলল বা কি gossip করল বা কার ব্যক্তিগত জীবনে কি ঘটেছে সে বিষয়ে আমাদের মাথা না ঘামানোই উত্তম । কিন্ত বাস্তবতা হল আমরা কোন রোবট না, আমরা মানুষ । একজন রক্তমাংসের মানুষ হিসেবে আমরা যে মাঝে মাঝে আমাদের কর্মক্ষেত্রে অপ্রয়োজনীয় আলোচনা বা Office gossip এ অংশ নেই না, তা তো বলা যাবে না । এছাড়া অফিসের সহকর্মীদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠাও খুবই স্বাভাবিক । বিশেষ করে কোন কর্মক্ষেত্রে দীর্ঘ সময় কাজ করলে অনেক সহকর্মীদের সাথে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অফিসের গন্ডি পেরিয়ে পারিবারিক সম্পর্কেও পরিনত হয় । এবং এই ধরনের সম্পর্ক অনেক সময় এতই দৃঢ় হয় যে ঐ কর্মস্থল ছেড়ে আসার অনেক পরেও এই সম্পর্ক অটুট থেকে যায় ।
তাই আমার মতে কর্মক্ষেত্রের প্রতি আমাদের আনুগত্য বা ভালবাসা এবং সহকর্মীদের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে “মধ্যপন্থা” অবলম্বন করাই শ্রেয় । এখন আপনি বলতে পারেন, “এই মধ্যপন্থা বা ভারসাম্যের মানে কি” ? যদিও এর কোন সঠিক সংজ্ঞা দেয়া সহজ না, কিন্ত আমি মধ্যপন্থা বলে মোটামুটি যা বুঝি তা হল:

– আপনার কর্মক্ষেত্র বা কোম্পানি বা প্রতিষ্ঠান আপনার পরিবার হতে পারে না । তবে তার অর্থ এই না যে আপনি আপনার কর্মক্ষেত্রের প্রতি অনুগত থাকবেন না । আপনি যতদিন ঐ প্রতিষ্ঠানে কাজ করছেন, ততদিন আপনি অবশ্যই অনুগত থাকবেন । তবে উক্ত প্রতিষ্ঠানে আপনার পেশাগত উত্তরন যদি আপনার প্রত্যাশা অনুযায়ী না হয়, তবে আপনাকে অবশ্যই বিকল্প চিন্তা করতে হবে । “এই প্রতিষ্ঠানে আমি এত দীর্ঘ সময় কাটিয়েছি যে এটা এখন আমার পরিবারের মত । এখান থেকে চাকরি ছেড়ে কিভাবে যাই “ – এই ধরনের চিন্তা ভাবনা আপনার ক্যারিয়ারের জন্য রীতিমত বিপজ্জনক। একইভাবে আপনার আসল পরিবারকে কোন সময় না দিয়ে এবং তাদেরকে ক্রমাগত বন্চিত করে শুধু চাকরির জন্য জীবন দিয়ে দেয়াও মোটেই বুদ্ধিমানের কাজ নয় ।
– কর্মক্ষেত্রে আপনাকে সবার সাথে সন্মানজনক এবং পেশাদার আচরন করতে হবে । কিন্ত এর মাঝেও অনেক সহকর্মীর সাথে আপনার বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে । এই সব ক্ষেত্রে খুব rigid বা অত্যাধিক সতর্কতার কোন প্রয়োজন আমি দেখি না । এরকম অনেক দৃষ্টান্ত আছে যে কর্মক্ষেত্রের কোন সহকর্মীকে ভাললাগা পরবর্তীতে ভালবাসা এবং বিবাহ পর্যন্ত গড়িয়েছে । এই ধরনের সম্পর্ক অস্বাভাবিক নয় । তবে হ্যাঁ, মোটা দাগে কর্মক্ষেত্রের সম্পর্কগুলোর মধ্যে একটা পরিমিতিবোধ বা নির্দিষ্ট সীমারেখা বজায় রাখাই উত্তম ।
বস্তুত: এই ইহজগতে প্রায় সবকিছুতেই ভারসাম্য বা মধ্যপন্থার মধ্যেই প্রকৃত কল্যান নিহিত আছে । একমাত্র পরকালেই আল্লাহ তায়ালা “জান্নাত” বা “জাহান্নাম” এর মাঝে কোন মধ্যবর্তী সমাধান রাখেন নাই । কিন্ত দুনিয়ার প্রায় সকল বিষয়েই ভারসাম্যের মধ্যেই সফলতা বা শান্তি বিদ্যমান ।
সবশেষে বলতে চাই, জীবন যেমন ভারসাম্যের উপর দাঁড়িয়ে, তেমনি আমাদের কর্মজীবনও সেই ভারসাম্যের চর্চা দাবি করে। অফিসকে পুরোপুরি “পরিবার” ভাবলে যেমন অবাস্তব প্রত্যাশা তৈরি হয়, তেমনি একে কেবলমাত্র “লেনদেনের জায়গা” হিসেবে দেখলেও মানবিকতা হারিয়ে যায়। আমরা যদি এই দুই চরম অবস্থার মাঝখানে থেকে কাজ করতে পারি , অর্থাৎ প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য ও দায়িত্বশীলতা বজায় রেখে, আবার নিজের পেশাগত স্বার্থ ও মানসিক স্বাস্থ্যের দিকেও নজর রাখি, তাহলেই সত্যিকার অর্থে এক সুস্থ ও টেকসই কর্মজীবনের ভিত্তি গড়ে তোলা সম্ভব।
অফিসে বন্ধুত্বও যেমন মানবিক, তেমনি সীমারেখাও বুদ্ধিমানের পরিচয়। কাজেই “মধ্যপন্থা” বা ভারসাম্যের পথই এখানে সর্বোত্তম দিকনির্দেশনা, যা আমাদেরকে একদিকে পেশাদার রাখে, অন্যদিকে মানুষ হিসেবেও সমৃদ্ধ করে।
ইসতিয়াক আহমেদ তাহের একজন মানব সম্পদ ও শ্রম আইন বিষয়ক পরামর্শক ।

খুব পরিপাটি ও বাস্তবসম্মত লেখা।
“Family don’t issue appointment letter ( contractual obligation ) and termination clause or defined pay structure for contributions we make for family. Pure and simple , the skill-set we deploy in an organisation structure is 100% professional . Family ( father mother son daughter grand parents) are completely different and mutually exclusive . You are replaceable at work but you are not replaceable as your role Father or Mother.
প্রয়োজনীয় টপিক। কর্মক্ষেত্রে আসলে খুব ব্যালেন্স করে চললে ভাল। একদম মেকানাইজডও না, আবার, ইয়ার দোস্তও না।